
উপকূলের লোনা জল, ঘূর্ণিঝড় আর পরিবেশ ঝুঁকিতে হারিয়ে যেতে বসেছে বহু দেশজ শাক-লতা ও ভেষজ উদ্ভিদ। সেই হারানো ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে ব্যতিক্রমী শাক-লতা ও ভেষজ মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শ্যামনগরে চন্ডিপুর দুর্গামন্দির মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ মেলায় এক মঞ্চে স্থান পেয়েছে ১৩১ প্রজাতির বিরল, বিলুপ্তপ্রায় ও অচাষকৃত শাক-লতা-পাতা।
জীব-বৈচিত্র্য ও পরিবেশ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ-বারসিকের আয়োজনে উপকূলের মানুষের ঐতিহ্য, চিকিৎসাজ্ঞান ও খাদ্যসংস্কৃতির এমন অনন্য প্রদর্শনী দেখতে মেলা প্রাঙ্গণে ভিড় করেন বৃদ্ধ, নারী, শিশু, কিশোর সব বয়সী মানুষ।