
জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের চার্টারকৃত এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় পৌঁছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে পরিকল্পনাটি স্থগিত হয়েছে। বিমানটি ঢাকায় আসছে না বলে জানা গেছে। এর ফলে আপাতত বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাও স্থগিত হয়ে গেল।
সোমবার (৮ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বে অনুমোদিত স্লট বাতিলের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে। বিষয়টি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে।
এর আগে রোববার জমা দেওয়া প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটির ৯ ডিসেম্বর সকাল আটটায় ঢাকায় অবতরণ এবং একই দিন রাত ৯টার দিকে ফের উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।
জানা যায়, কাতার সরকার দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনের উপযোগী একটি বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন করে; ওই বিমান পরিচালনার দায়িত্বে থাকা এফএআই এভিয়েশন গ্রুপকেই মেডিক্যাল ইভাকুয়েশনের দায়িত্ব দেওয়া হয়। সে অনুযায়ী এই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছিল।
তবে শেষ মুহূর্তের পরিবর্তনে পুরো প্রক্রিয়া স্থগিত হয়ে যায়, যা বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত আলোচনায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে