
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি জরিপে জানা গেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামী এর মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৪%। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপের ফলাফল অনুযায়ী, ৩০% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, যেখানে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার জন্য ২৬% ভোটার প্রস্তুত। অর্থাৎ, দুই দলের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৪% বলে উল্লেখ করা হয়েছে।
জরিপে অংশ নেওয়া মোট ৪ হাজার ৯৮৫ জন ভোটারের মধ্যে, তাদের বয়স ১৮ বছর বা তার বেশি, এবং দেশের ৬৩ জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয় (রাঙামাটি জেলা বাদে)। এই জরিপের আস্থার পরিমাণ ৯৫% উল্লেখ করা হলেও, সেগুলো ১.৪% এদিক-সেদিক হতে পারে বলে জানিয়েছে আইআরআই।
জরিপে আরও উল্লেখ করা হয়েছে যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬% ভোটের সমর্থন পাবে, জাতীয় পার্টি পাবে ৫% এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে ৪% ভোট। এদিকে, অন্যান্য দলগুলোর জন্য ভোটারদের সমর্থন ৮% পর্যন্ত হতে পারে।
এছাড়া, জরিপের ফলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি অধিকাংশ মানুষের আস্থা রয়েছে। জরিপে অংশ নেওয়া ৬৯% মানুষ ড. ইউনূসকে সমর্থন করেছেন, আর ৭০% বর্তমান সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। জরিপে আরও জানা যায়, ৮০% মানুষ আশা করছেন, আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।
আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশের আটটি বিভাগে এই জরিপ পরিচালনা করে এবং এর ফলাফল সোমবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।